১৮৯৫ সালে যখন ভুবনমোহন রায় সুন্দরবনে সাত বৎসর কাহিনিটি ধারাবাহিকভাবে প্রকাশ করতে শুরু করেন তাঁর সম্পাদিত সখা ও সাথী পত্রিকায়, তার আগে বাংলায় মৌলিক শিশু-কিশোর অ্যাডভেঞ্চার উপন্যাস সম্ভবত লেখা হয়নি। সেই প্রেক্ষিতে বাংলা অ্যাডভেঞ্চার উপন্যাসের পথিকৃত বলা যায় এই কাহিনিটিকে। কিন্তু বহুদিন অসম্পূর্ণ থেকে যাওয়া উপন্যাসটি যখন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখনিতে পূর্ণতা পায়, তখন তা আর নিতান্ত অ্যাডভেঞ্চার কাহিনি থাকে না, হয়ে ওঠে মনুষ্যত্বের পাঠ। এখানেই এই উপন্যাসটি চিরন্তনী হয়ে ওঠে।
উপন্যাসটি গ্রন্থাকারে প্রকাশিত হয়েছিল বিভূতিভূষণের মৃত্যুরও দুই বছর পরে, ১৯৫২ সালে। প্রথম মুদ্রণে প্রকাশিত বিভূতিভূষণের ছোট্ট বয়ান অনুসারে এই অভিযান-কাহিনিটির শেষদিকের কয়েকটি মাত্র অধ্যায় তিনি লিখেছেন, কিন্তু প্রকৃতপক্ষে উপন্যাসটির বৃহদংশ সম্ভবত তাঁরই লেখা বলে অনুমান হয়।
সুন্দরবনে সাত বৎসর-এর প্রথম মুদ্রণটির একটি বিশেষত্ব আছে। ওই মুদ্রণটি সমৃদ্ধ ছিল হিতেন্দ্রমোহন বসুর আঁকা প্রচ্ছদ ও পঁয়ত্রিশটি অলংকরণচিত্রে। সেই প্রচ্ছদ ও সবকটি অলংকরণ চিত্রই এই ফ্যাক্সিমিলি সংস্করণের অভ্যন্তরে রক্ষিত হয়েছে। মূল প্রচ্ছদটি সাদা-কালোয় মুদ্রিত।
Customers' review
Reviews
Be the first to review ""