চলচ্চিত্রের প্রতি টান থেকেই চলচ্চিত্রের ইতিহাস এবং চলচ্চিত্র তৈরির প্রেক্ষাপটের কাহিনি জানবার আগ্রহ তৈরি হয়েছিল আমার মধ্যে। পারিবারিক দিক দিয়েও চলচ্চিত্র পরিবারের মেয়ে আমি। তাই হয়তো টানটা কিঞ্চিৎ বেশিই ছিল বরাবর আমার। মহানায়ক উত্তমকুমারের ভক্ত সেই কিশোরীবেলা থেকেই আমি। তাঁকে নিয়ে পড়াশোনা, অনুসন্ধান করতে গিয়েই চলচ্চিত্রকে আরও গভীরে, আরও বিস্তারিতভাবে জানতে শুরু করি। সেখান থেকেই শুরু আমার চলচ্চিত্র বিষয়ক লেখালেখি। ফেসবুকে শুরু করি মহানায়ক উত্তমকুমার ও চলচ্চিত্র জগতের দিকপাল শিল্পীদের নিয়ে গ্রুপ, পেজ তৈরি এবং সেখানে লেখালেখি করা। বিশেষ করে রুপোলি পর্দার আড়ালের কাহিনি। কখনও-বা অজানা দিক নিয়ে লেখাও শুরু করি বিভিন্ন স্বর্ণযুগের সোনার শিল্পীদের নিয়ে।
আমার বেশি অনুরাগ স্বর্ণযুগের শিল্পীদের নিয়েই, তাই তাঁদের নিয়েই মূলত আমি লেখালেখি করে থাকি। সেখান থেকেই বহু পাঠকরা পছন্দ করতে শুরু করেন আমার লেখা। কিছু পত্রিকা, বইতেও প্রকাশিত হয় আমার লেখা প্রতিবেদন। এরপরেই এগিয়ে আসে বিভা পাবলিকেশন প্রস্তাব নিয়ে যে, দুই মলাটের মধ্যে বইয়ের আকারে প্রকাশিত হোক বিভিন্ন শিল্পীদের নিয়ে পর্দার পেছনের গল্প। রুপোলি পর্দার আড়ালে ঘটে যাওয়া এমন অনেক চমকপ্রদ ঘটনা থাকে, যা হয়তো জনতা-জনার্দন জানতেই পারেন না, অথচ সেসব ঘটনা অত্যন্ত মনোগ্রাহী। কখনও মজাদার তো কখনও গুরুত্বপূর্ণ। আমি চেষ্টা করলাম দুই মলাটের মধ্যে এমনই কিছু মনোগ্রাহী, চমকপ্রদ ঘটনাবলি বেশকিছু দিকপাল শিল্পীদের নিয়ে তুলে ধরতে। অর্ধশতজন শিল্পীকে এই একটি বইতে রাখতে পেরেছি, বাদ পড়ে গেলেন বহু অসামান্য শিল্পীরা। পরবর্তীতে তাঁদের নিয়েও লিখতে চাই আপনাদের জন্য। এই বইটি আশা করি পাঠকদের ভালো লাগবে। আশা করি মন জয় করে নেবে আপনাদের আমার লেখা প্রথম একক বই 'রুপোলি পর্দার অন্তরালে।'
Customers' review
Reviews
Be the first to review ""