আমাদের যাদের বয়েস স্বাধীনতার বয়েসের পাশাপাশি তারা ছোটোবেলায় প্রায়ই একটা অদ্ভুত প্রশ্নের মুখোমুখি হতাম, দেশ কই? উত্তরে যে দেশের নাম বলার রীতি ছিল যেমন ঢাকা, কুমিল্লা, সিলেট, নোয়াখালি সব ছিল ভারতের ম্যাপের বাইরে সবুজ এলাকায়। আবার সদ্য-স্বাধীন দেশে আমরা খুব আবেগবিহ্বল গান শুনি ভারত আমার ভারতবর্ষ স্বদেশ আমার স্বর্গ গো.... স্বদেশের বাইরে দেশ? বন্ধুরা কেউ কেউ ছুটিছাটায় পাসপোর্ট করে দেশে যায় আমরা যাই না কারণ বাবা-জ্যাঠারা দেশভাগের আগেই দেশ ছেড়েছেন। দাদু ঠাকুমাও নেই। পাসপোর্টের ব্যাপার ঠিক বুঝি না তবে জানি ওটা না থাকলে বাবার দেশ ময়মনসিংহে যাওয়া যায় না। তা বলে কি আর গল্প শুনি না? শুনি কত যে গল্প। বাবা, মেজকাকু, বড়োপিসি, ছোটো ঠাকুরমা এক-একজনের এক-একরকম গল্প। আর-একরকম গল্পও শুনি, রান্নাপিসির ছেলে কি ছিদ্দিক চাচা আর বাজনাদার নাগারচি 'চোরা পথে' বাধ্য হয়েই জীবিকার প্রয়োজনে মরিয়া হয়ে আসা-যাওয়া করে। অপরাধ? কে জানে, রাতারাতি একটা দেশ টুকরো হয়ে গেলে এরাই বা কী করে?
Customers' review
Reviews
Be the first to review ""