বাংলায় বা ভারতবর্ষের অন্যান্য প্রদেশে যে সমস্ত যুবক ইংরেজ গর্ভনমেন্টের বিরুদ্ধে ষড়যন্ত্র করিয়াছিল, সরকারী কাগজপত্রে ও ইংরেজী সংবাদপত্রে তাহাদিগকে 'অ্যানারকিস্ট' (anarchist) আখ্যা দেওয়া হইয়াছে। যাহারা সর্ববিধ শাসন প্রণালীর বিরোধী, ইংরেজীতে তাহাদিগকেই অ্যানারকিস্ট বলে। এরূপ কোনও দল ভারতবর্ষে আছে বা ছিল বলিয়া আমি জানি না। যে সমস্ত পরাধীন দেশে লোকমত প্রভাবে বিদেশীয় শাসনযন্ত্র পরিবর্তিত করিবার উপায় নাই, সে সমস্ত দেশে স্বাধীনতাস্পৃহা জাগিয়া উঠিলে গুপ্ত সভা-সমিতির সৃষ্টি অনিবার্য। ইটালী, পোলান্ড, আয়ার্ল্যাণ্ড প্রভৃতি দেশে যে সমস্ত কারণে বিপ্লবপন্থীদিগের আবির্ভাব হইয়াছিল, ভারতবর্ষে সেই কারণগুলি সম্পূর্ণরূপে বর্তমান ছিল বলিয়াই এখানেও বিপ্লবাগ্নির স্ফুলিঙ্গ দেখা দিয়াছিল। আমাদের শাসকসম্প্রদায়ও সে কথা বেশ ভাল করিয়া জানেন বলিয়াই তাড়াতাড়ি রিফর্ম বিলের শান্তিজল ছিটাইয়া দিয়া সে অগ্নিস্ফুলিঙ্গ নির্বাপিত করিতে চেষ্টা করিয়াছিলেন। তাঁহাদের সে চেষ্টা সফল কি ব্যর্থ হইয়াছে তাহা বিচার করা আমার উদ্দেশ্য নহে; আমার শুধু এইটুকুই বক্তব্য যে এদেশের বিপ্লবপন্থীরা অ্যানারকিস্ট নহেন। বিপ্লব-সমিতিগুলির ইতিহাস যাঁহারা জানেন তাঁহারাই একথা স্বীকার করিবেন। সে কথা প্রমাণ করিবার জন্য অতীতের অন্ধকার গহার হইতে সে বিস্মৃত ইতিহাস আপাতত টানিয়া বাহির করিবার আবশ্যকতা নাই।
Customers' review
Reviews
Be the first to review ""