আমার কর্মজীবন কোলকাতার চৌরঙ্গীর বুকে এক প্রাসাদোপম অট্টালিকার ভেতরে কেটেছে। এটি সকলের পরিচিত আমাদের প্রিয় জাদুঘর। যে বিভাগে আমি কাজ করতাম সেটির নাম কলা বিভাগ। আজকের অবসর জীবনে অর্দ্ধ বিরল কেশে আঙুল সঞ্চালন করতে করতে যদি চিন্তা করি এখানে কি পেলাম আর কি পেলাম না-তবে ঢেঁকির যে প্রান্তে 'কি পেলাম না' উপস্থিত সেটি সবেগে আকাশ মার্গে উৎক্ষিপ্ত হবে এবং অন্যটি তৎক্ষণাৎ সপাটে ধরিত্রী মাতার বুকে আছড়ে পড়বে। এখানে আমি আমার প্রাণের পরিবেশ খুঁজে পেয়েছিলাম, পেয়েছিলাম অনিশ্চিত জীবনের স্থিতি। জাদুঘরের মোহে এক বাণিজ্যিক সংস্থার লাভজনক চাকুরীর প্রলোভন অনায়াসে অস্বীকার করতে পেরেছিলাম এককথায়। তবে এটাও সত্য দু'একটি ক্ষেত্র বাদে জাদুঘর দুনিয়ার যে সব কর্তাব্যক্তিদের সাথে আমার যোগাযোগ ঘটেছিল তাঁদের অধিকাংশের সাথেই আমার হিসাবের ছিল শোচনীয় গরমিল। এখানে মুখ বুজে সহ্য করতে হয়েছে মুখোশধারী দুর্নীতিগ্রস্তদের অনৈতিক উল্লাস। আজকের মিডিয়ার দৌলতে এদের কেউ কেউ প্রকাশিত হয়ে পড়ছেন। এঁদের 'সুনামে' বাজারে কান পাতা দায়।
Customers' review
Reviews
Be the first to review ""