তখন পশ্চিমবঙ্গের বৌদ্ধিক আর বিদ্যায়তনিক সমাজ প্রায় শূন্যতা আক্রান্ত। সোভিয়েত কাঠামো ভেঙে পড়েছে, সাম্যবাদ প্রায় বিলুপ্ত হয়ে গেছে পূর্ব ইউরোপে, বাবরি মসজিদ ভেঙে ফেলা হয়েছে, মুম্বাইতে বিস্ফোরণ ঘটেছে, মণ্ডল কমিশনের প্রেক্ষিতে শুরু হয়েছে জাতিদাঙ্গা, অপরাধীরা অনুপ্রবেশ করছে গণতন্ত্রের অন্দরমহলে, বহুজাতিকদের উদ্ভব হয়েছে। এই প্রেক্ষাপটেই সমীর রায়চৌধুরী গড়ে তুলেছিলেন একটি মুক্তমঞ্চ, তাঁর সম্পাদনায় 'হাওয়া ৪৯' পত্রিকার মাধ্যমে।
পাশাপাশি তিনি আরও কয়েকটি লিটল ম্যাগাজিন ও কাজল সেনের সম্পাদনায় জামশেদপুর থেকে প্রকাশিত 'কালিমাটি' পত্রিকায় উত্তর আধুনিক চিন্তা ও চেতনায় লিখতে শুরু করেছিলেন প্রবন্ধ-নিবন্ধ-গল্প-কবিতা। এবং একইসঙ্গে বাঁকবদল ঘটিয়েছিলেন প্রচলিত ধরাবাঁধা গতানুগতিক সাহিত্যভাবনার
বিপ্রতীপে। 'কালিমাটি' পত্রিকার প্রায় প্রতিটি সংখ্যা সমৃদ্ধ হয়েছিল এবং এক অন্যমাত্রায় উন্নীত হয়েছিল সমীর রায়চৌধুরীর সেইসব বহুমাত্রিক লেখালেখির বিষয় ও আঙ্গিকে। 'কালিমাটি' পত্রিকার বিভিন্ন সংখ্যায় প্রকাশিত সমীর রায়চৌধুরীর প্রবন্ধগুলি সংকলিত করেই প্রকাশিত হল 'কালিমাটি'র নির্বাচিত গদ্য। এই বই পাঠক-পাঠিকামহলে সমাদৃত হবে বলেই আমাদের বিশ্বাস।
Customers' review
Reviews
Be the first to review ""