মানুষের জীবন কী? এক অনন্ত অনুসন্ধানই তো। আজীবন কী এক খোঁজ আমাদের তাড়া করে বেড়ায়। তা প্রকৃত ভালোবাসা হোক, বা নিজের শিকড়কে খুঁজে বের করার তাগিদ। সেই পথ খুব যে সুগম হয়, তা তো নয়। হোঁচট খেতে খেতে মানুষ বোঝে কিছু মূলের অনুসন্ধান তার পক্ষে হয়তো উচিত ছিল না। কিংবা কে বলতে পারে, এটাই তার নিয়তি-লালিত পথ!
কিন্তু জীবন বড়োই রহস্যময়ী। সে যে মানুষকে কখন কোন সত্যের সামনে দাঁড় করিয়ে দেয়, তা সে নিজেই জানে না। নিজের আস্তিনে সে কত কী-ই যে লুকিয়ে রাখে।
ঠিক যেভাবে অজ্ঞাতবাসের সময় শমিবৃক্ষের কোটরে পাণ্ডবরা লুকিয়ে রেখে গিয়েছিল নিজেদের অমূল্য অস্ত্র, তাদের পরিচয়। কীসের ভরসায়? নিয়তির, জীবনের, এক বৃহৎ সত্তার ভরসায়, যার তল আমরা খুঁজে পাই না। সেই শমিবৃক্ষ কিন্তু সযত্নে রেখেছিল তাদের আয়ুধ, তাদের পরিচয়।
আমাদের যে পরমায়ু, সেও ওই এক অক্ষয় শমিবৃক্ষ। এর কোটরে আমাদের সবটুকু লুকিয়ে থাকে। উপযুক্ত সময় এলেই আমরা সেখান থেকে বেছে নিই আমাদের প্রাপ্যটুকু। যার যা প্রাপ্য! জীবন নামের এই অক্ষয় শমিবৃক্ষ আমাদের কখনও বিমুখ করে না। প্রতিদিন তার কাছে আমরা নত হই। কারণ, আমাদের আর কোথাও যাওয়ার নেই।
Customers' review
Reviews
Be the first to review ""