ছোটো ছেলেকে ঘুম পাড়াতে বসে কত কী উষ্টুমধুষ্টুম বকমবকম করতে হত প্রতিদিন দুপুর ও রাতে। একদিকে ছেলে সেইসব অর্থহীন আবোলতাবোল কথা শুনে ঘুমের দেশে পাড়ি দিত। আর অন্যদিকে এই সুযোগে সেই কথাগুলো আমার মাথার মধ্যে কখন যেন এসে টুকুস করে ডিম পেড়ে রেখে যেত আরও নতুন মজাদার কোনো গল্পের। কল্পনার ওম গায়ে মেখে বেড়ে উঠত সেগুলো। ডিম ফোটার সময় হলেই তৈরি থাকতে হত খাতা-কলম নিয়ে। তারা ফুটে
বেরোলেই ঝপ করে তাদের বন্দি করে নিতাম অক্ষরজালে।
এইভাবেই চলতে চলতে একটা, দুটো করে ধীরে ধীরে ভরে উঠেছে আমার গল্পের ঝুলি। তাদের কোনোটা রূপকথার, কোনোটা নিছকই মজার, কোনোটা স্বপ্নপূরণের, আবার কোনোটা কল্পবিজ্ঞানের। আছে রহস্য, আছে ধাঁধা, আছে অল্পস্বল্প ভয় আর প্রচুর প্রচুর হাসি-মজা। যত্ন নিয়ে, ভালোবেসে সাজিয়েছি এই গল্পের পসরা। তাঁকে ছাপার হরফে দেখার স্বপ্ন জুগিয়েছে আমার সারা
জীবনের সব কাজের দোসর চিরঞ্জীব মজুমদার আর আমার মা শীলা ভট্টাচার্য্য। নিরন্তর পাশে থেকে উৎসাহ দিয়েছে আমার অফিসতুতো দিদি মৌসুমী পাত্র। আর নবীনা এই লেখিকার সৃষ্টিকে পাঠকমহলে তুলে ধরার সাহস দেখিয়েছে 'বইবন্ধু পাবলিশার্স'। তাঁদের ছাড়া এই বই ভূমিষ্ঠই হত না হয়তো। পাঠকদের, বিশেষ করে ছোটোদের ভালো লাগলে তবেই আমার এবং প্রকাশকের পরিশ্রম সার্থক জানব।
Customers' review
Reviews
Be the first to review ""