এই বিচিত্র জগতে দেখার শেষ নেই। দীর্ঘ পয়ত্রিশ বছর যাবৎ ঘুরছি আর দেখছি, সমুদ্র, সাগর, নদী, হ্রদ, পাহাড়, সমতল, জঙ্গল, মরুভূমি, সব কিছু মিলিয়ে এই জগৎটা তার বহুরূপী বেশে দাঁড়িয়ে আছে। বিভিন্ন সমাজ, রীতি-নীতি, জন্তু-জানোয়ার আর রঙ-বেরঙের মানুষরা যেন লুকোচুরি খেলছে এই বিরাট জগৎ মঞ্চে। যতই দেখছি ততই মনে হচ্ছে আরও দেখি। গত কয়েক বছর যাবৎ বার বার একটা প্রশ্ন মনে এসেছে- সেটা হচ্ছে এই চলার শেষ কোথায়? যেমন বিধাতার এই বিচিত্র লীলার শেষ নেই, তেমনই আমার চলারও হয়তো শেষ নেই। জন্ম-জন্মান্তর ধরে চলেও এই পৃথিবীকে সম্পূর্ণরূপে দেখা হবে না।
আমি যত পেয়েছি তার অতি সামান্য অংশ্যমাত্র দিতে পেরেছি। আরও বেশী কিছু দিতে পারলে খুশী হতাম, নিজেকে ধন্য মনে করতাম। প্রত্যেকটা মানুষের অভিজ্ঞতার ভান্ডারকে ভাষা দিয়ে প্রকাশ করা সম্ভব কি?
আমার পরিব্রাজক জীবনে সব কিছুই অভিজ্ঞতা। ভাল মন্দ সুখ দুঃখ ভয় আতংক আনন্দ সব কিছুকেই আমি অভিজ্ঞতা বলে ধরে নিয়েছি। রাশিয়ার কম্যুনিজম্, আমেরিকা যুক্তরাষ্ট্রের ক্যাপিটালিজম্, ইউরোপের সমাজবাদ, সব কিছুর মধ্যেই ভাল মন্দ মিশিয়ে আছে। জগতে শুধু ভাল বা শুধুই মন্দ এমন কোনো সমাজ নেই, কারণ সমাজ যাদের নিয়ে গড়া তাদের মধ্যে সবাই তো ভাল-মন্দ চরিত্রে গড়া।
Customers' review
Reviews
Be the first to review ""