বাংলা অনুবাদ সাহিত্যে সুধীন্দ্রনাথ রাহা অন্যতম সেরা লেখক। শুধু অনুবাদ সাহিত্যেই নয়, তিনি ছিলেন একাধারে নাট্যকার, মৌলিক গল্প ও উপন্যাস লেখক।
গত শতাব্দীর পঞ্চাশ থেকে আশির দশক অবধি তিনি বাংলার ছেলে-মেয়েদের উপহার দিয়ে এসেছেন তাঁর এই অফুরন্ত লেখার সম্ভার। আজ সুধীন্দ্রনাথ বাঙালির কাছে বিস্মৃতপ্রায়, হলদে হয়ে যাওয়া পুরোনো বইয়ের পাতাতেই প্রায় শেষ হয়ে এসেছে তাঁর জীবনের অধিকাংশ কাজ।
তাই নতুন করে তাঁকে স্মরণ করার উদ্দেশ্য নিয়ে এই প্রয়াস। এই কর্মকাণ্ড শুরু হয়েছিল আমার কিশোর বয়সে, মায়ের মুখ থেকে তাঁর লেখা অনুবাদ গল্প শুনে। তখন থেকেই সেই পত্রিকা ও বইগুলি সংগ্রহ করে রাখার শুরু। ২০১০-এর প্রথম দিকে সুধীন্দ্রনাথের ছোটোভাই দেবেন্দ্রনাথের পৌত্র আনন্দম রাহার সঙ্গে পরিচয়, তাঁর সূত্রেই লেখকের পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে আলাপের সৌভাগ্য হয়। সুধীন্দ্রনাথের পৌত্র বৈজয়ন্ত রাহার উৎসাহে ও লিখিত অনুমতিতে শুরু করি এই সংগ্রহের কাজ। বন্ধু শান্তনু ঘোষ প্রথম আমাকে উৎসাহিত করে তাঁর জীবনী নিয়ে একটি লেখা লিখতে, সেই লেখাটিতে আমার অগ্রজ জয়ন্ত বন্দ্যোপাধ্যায়ের অবদান অসীম। আর বন্ধু সোমনাথ দাশগুপ্তকে ধন্যবাদ দিয়ে ছোটো করতে চাই না। তার কাছে আমার ঋণ এই জীবনে শোধ হবার নয়, নিজে লোকচক্ষুর আড়ালে থেকে সে আমাকে বিভিন্নভাবে সাহায্য করে গেছে। সম্পাদনার কাজে সার্বিক পরামর্শের জন্য বিশ্বদেব গঙ্গোপাধ্যায়কে কৃতজ্ঞতা জানাই।
Customers' review
Reviews
Be the first to review ""