কলকাতায় যাত্রা শুরু ১৯৮৪ সাল ভারতের প্রথম মেট্রোরেলের। বিদেশি বিশেষজ্ঞদের নেতিবাচক ধারণা, বিভিন্ন মহল থেকে উড়ে আসা তির্যক মন্তব্য, কাজ বন্ধের হুমকি ইত্যাদি নানা বাধাবিপত্তিকে নস্যাৎ করে এই প্রথম সম্পূর্ণ দেশীয় বিশেষজ্ঞদের পরামর্শে এবং দেশীয় পদ্ধতিতে সমাধা হল এক বিশাল কর্মযজ্ঞ। মেট্রোর সেই ইতিহাস ঘাঁটলেন অশোক সেনগুপ্ত, কলকাতার পাতাল রেল বইতে। লেখক নিজে মেট্রো নির্মাণে অংশ নিয়েছিলেন। তাঁর নানা অভিজ্ঞতা এবং পরিকল্পনার খুঁটিনাটি সাবলীল ভাষায় ফুটিয়ে তুলেছেন অশোকবাবু। যাঁরা এই প্রকল্পে সহায়তা করেছিলেন তাঁদের এবং সহকর্মীদের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন তিনি। তবে সবচেয়ে বেশি প্রশংসা প্রাপ্য বোধহয় কলকাতার নাগরিকদের, যাঁদের ধৈর্য ও সাহায্য ছাড়া এর বাস্তবায়ন সম্ভব ছিলনা। সঙ্গত কারোণেই লেখক বইটি উৎসর্গ করেছেন তাঁদেরই।