লীলা মজুমদার (১৯২১-১৯৯৫), ষাটের দশকের মাঝামাঝি সময় পর্যন্ত উত্তরবঙ্গের কমিউনিস্ট আন্দোলনের সক্রিয় অংশগ্রহণকারী, পরবর্তীতে অন্তরিন এক নারী। তাঁকে নকশাল নেতা চারু মজুমদারের স্ত্রী বলে যতটুকু মনে রেখেছে সময়, তার বাইরে তিনি একান্ত নিকটজনের সুখ-দুঃখের স্মৃতিতেই রয়ে গেছেন মূলত। কে ছিলেন এই লীলা? কেমন মানুষ
ছিলেন? কেমন ছিল তাঁর সময়? তাঁর মৃত্যুর বাইশ বছরেরও বেশি সময় পর সংকলিত এই গ্রন্থে লীলা মজুমদার নানা আলোয়, নানা রেখায় চিত্রায়িত। বহু কিছুতে ছড়িয়ে থাকা, রাজনীতিক ও সাংসারিক লীলা, এক ধারাবাহিকতার অংশ; তাঁর মুখে আরো অনেক নারীর ছায়া এসে পড়ে, তিনি তাঁর ছায়া ফেলেন অন্য মুখের ওপর। সত্যিই তাঁর জীবনের কোনো 'একমাত্রিক ব্যাখ্যা অভিপ্রেত নয়'।
সেই বিচারে, লীলাদি এক অন্য রাজনৈতিক যাপন, কোন যাপনকে আমরা 'রাজনৈতিক' বলব, সেই প্রশ্নটি রাখার চেষ্টা করে। ইতিহাসের উপাদান খুঁজতে স্মৃতি থেকে ছবি, ছবি থেকে চিঠি, লিখিত আখ্যান থেকে মৌখিক বয়ান, এবং বয়ান থেকে এক নীরবতার দিকে যেতে চায় এই বই।