নিজেকে জাহির করার কোনোরকম ইচ্ছে না রেখে, সাহিত্যকে ভালোবেসে, তাকে ঘিরে নিজের স্বপ্ন, নানারকম পরিকল্পনা দিয়ে, শুধুমাত্র সাহিত্যের পৃষ্ঠপোষকতা করার প্রবল বাসনা থেকে, নিজের জীবনকে এক চরম অনিশ্চয়তার দিকে নিয়ে যাবার দৃষ্টান্ত বোধহয় কিছু কিছু থাকলেও, তার সংখ্যা যে খুবই কম, এ কথা পরিসংখ্যান না ঘেঁটেও বলা যায়। কৃষ্ণগোপাল মল্লিক এরকমই একজন বিশুদ্ধ সাহিত্যপাগলের নাম। মধ্য কলকাতার গোলদিঘির উলটোদিকের সাবেকি মল্লিকবাড়ির বাসিন্দা কৃষ্ণগোপাল, তৎকালীন (সেই ৬-এর দশকের শেষদিক) জমকালো 'স্টেটম্যান' কাগজের সম্মানীয় পদের চাকরি ছেড়ে চলে এসেছিলেন লিট্ল ম্যাগাজিন ও প্রকাশনার জগতে- 'গল্পকবিতা' ও 'অধুনা'। সাহিত্যিক হিসেবে নিজেকে তুলে ধরার কোনো প্রচেষ্টা নিজের পত্রিকা বা প্রকাশনা ঘিরে তাঁর ছিল না। অল্পকিছু লেখা লিখেছিলেন 'গল্পকবিতা'-য় (কবিতা আছে বেশকিছু, তবে এখানের আলোচ্য বিষয় শুধু গদ্য)। অধুনা থেকে কোনো বই-ই তার বেরোয়নি। তবে তাঁর লেখার ক্ষমতা যে কী উচ্চমানের ছিল, তার প্রমাণ তো পরবর্তীকালে মিলেছে।
Customers' review
Reviews
Be the first to review ""