যখন আমার কনারতুটি সুধিষ্ট মামার আলো দেখলো, তখন এই সোভিয়েতের বইগুলো দিয়ে তার শৈশব সাজাতে গিয়ে দেখি ওহ হরি, সেসব আর এখনকার দিনে পাওয়া যায় না। আজকের ভাষায় তাকেই বলে collectibles: আপদ। দুচারটি নতুন বই যে ছড়িয়ে ছিটিয়ে এদিকে ওদিকে তৈরী হচ্ছে না, এমন নয়, কিন্তু বেশিরভাগই দুষ্পাপ্য। লোকে সেসব কিনলে পরে, পড়বে কি, পারলে zip-lock-pouch বন্দি করে রেখে দেয়া
তাই বলে কি মেয়েকে পড়াবো না। অতএব ডিসেম্বর ২০২১ সালে প্রকাশিত হলো সোভিয়েত দেশের রূপকথা সমগ্র প্রথম খন্ড।
এইভাবেই, আরও কিছু বছর কাটলো। অনেক পরিশ্রম, অনেক অর্থব্যায় করে শুরু হলো আমাদের ব্যক্তিগত লড়াই। বই পাই তো ছবি পাইনা, ছবি পাই তো বইয়ের কভার পাইনা, বই ছবি দুটোই পাই তো দেখা গেলো তিনটে পাতা তিন জায়গায় নেই। অনেক লড়াইয়ের পরে, প্রকাশিত হলো সোভিয়েত দেশের রূপকথা সমগ্র দ্বিতীয় খন্ড। পারিবারিক সহায়তা তো সবসময়ই ছিল, তাদের কে ধন্যবাদ দিয়ে ছোট করার জায়গা নেই। সবচেয়ে মজার ব্যাপার হলো যার জন্য এইসব কর্মকান্ডের অবতারণা, আমার কন্যারত্নটি, এখন প্রায় সাত ছুঁই ছুঁই, আজকালকার ভরা মোবাইলময় বাজারেও তাকে খানিকটা বইমুখী করা গেছে। চলার পথে কিছু মানুষ আমায় সাহায্য করলেন, তাঁদের মধ্যে অন্যতম শ্রদ্ধেয় শ্রী অরুন সোম মহাশয়, যিনি অতি স্নেহবশতঃ আমার প্রথম খন্ডের জন্য একটি সম্পূর্ণ নতুন ভূমিকা লিখে দিয়েছিলেন।
আজকে প্রথম খন্ড, তৃতীয় খন্ড পেরিয়ে দ্বিতীয় খন্ড আপনার হাতে। এখানে বলে রাখা ভালো সোভিয়েত দেশের রূপকথা সমগ্র প্রথম খন্ডের পরে তৃতীয় খন্ড বেরিয়েছিল। দ্বিতীয় খন্ড কিছু জটিলতার কারণে আমরা প্রকাশ করে উঠতে পারিনি। আজকে সেই জটিলতা দূর করে, অনেক বাধা বিপত্তি পেরিয়ে দ্বিতীয় খন্ড আপনার হাতে তুলে দিতে পেরে আমরা যারপরনাই আনন্দিত।
ইতিমধ্যে আমরা প্রকাশ করা শুরু করেছি আরো একটি নতুন সিরিজ "সোভিয়েত দেশের শিশুসাহিত্য সমগ্র"। সেই সিরিজেও তিনটি খন্ড প্রকাশিত হয়েছে এবং চতুর্থ খন্ড যন্ত্রস্থ । বলে রাখা যাক, এই দুটি সিরিজ মিলিয়ে সমস্ত সোভিয়েত দেশের রূপকথা এবং শিশুমনে রেখাপাত উপযোগী গল্প কে একটি ছাতার তলায় আনা যাবে তাদের অরিজিনাল ছবিসহ।
ভয়ঙ্কর রোমহর্ষক ঘটনা, কোন সে দেশের কোন সাগরের পাড়ে, জাদুমানিক আখানরাবো এবং কালো খাতা সম্ভোনিয়া এই ৪ টি বই নিয়ে সাজানো হলো সোভিয়েত দেশের রূপকথা সমগ্র ২।
সমস্ত রঙিন ও সাদাকালো ছবি অপরিবর্তিত রেখে এবং তাদের গুনগত মান আধুনিক প্রযুক্তির দ্বারা পরিবর্ধিত করে, দুই মলাটের ভেতর এদের পুনঃপ্রকাশ।
আমি বিশ্বাস করি, এই বই হাতে পেলে, আপনারাও সবাই ফেরত পাবেন, আপনাদের একটুকরো ছেলেবেলা, তবে পিসীমা, ঠাকুমার কূলের আচারের বোয়ামের দায়িত্বটা নিতে পারলাম না বলে, ভারী দুঃখিত!